ময়মনসিংহে পুলিশের শর্টগানের গুলিতে এক ছিনতাইকারী নিহত হয়েছে। রোববার ভোরে এ ঘটনা ঘটে।
এদিকে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ব্যবসায়ীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম আব্দুল ওয়াহাব। এই ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু মোহাম্মদ ফজলুল করিম জানান, রোববার ভোরে শহরের মাসকান্দা বিসিক এলাকার বন্ধন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের মালিক আব্দুল ওয়াহাব কাজ শেষে বলাশপুর পালপাড়া রিকশায় বাসায় ফিরছিলেন। পথে ভাটিকাশর পাদ্রি মিশন রোডে একদল ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও নগদ ২৫০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ওয়াহাব ঘটনাটি পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসার পর ছিনতাইকারী দল পুলিশের ওপর হামলা করে। এ সময় পুলিশ শর্টগান দিয়ে গুলি করলে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সে মারা যায়। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ছিনতাইয়ের শিকার আব্দুল ওয়াহাবকে আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
কেএইচ





