সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা গাজী ইসহাক হোসেন তালুকদারের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় সিরাজগঞ্জের তাড়াশ ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন, সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ঈমাম ও নাটোর গুরুদাসপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন রাজনেতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ।
বাদ জোহর মরহুমের গ্রামের বাড়ি রায়গঞ্জের বাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গতকাল সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ইসহাক হোসেন তালুকদার।
১৯৫০ সালের ১৮ জুন সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্ম নেন ইসহাক হোসেন। তার স্ত্রী ও দুই ছেলেসহ নাতি-নাতনি রয়েছে। তিনি তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য ইসহাক হোসেনের মৃত্যুতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রীসহ অন্যান্য সংসদ সদস্যরা শোক প্রকাশ করেছেন।
কেএ





