চট্টগ্রাম বন্দরনগরীর রাস্তায় নামছে আরামদায়ক ও অত্যাধুনিক সুবিধার ট্যাক্সিক্যাব। প্রথম দফায় আজ (রোববার) থেকে ২৬টি শীতাতপ নিয়ন্ত্রিত নতুন ট্যাক্সিক্যাব নগরীর রাস্তায় চলাচল শুরু করবে।

আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিস, চট্টগ্রামের উদ্যোগে চালু হচ্ছে অত্যাধুনিক এসব ট্যাক্সিক্যাব। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ও সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া নিজেদের স্বাক্ষরিত প্রতীকী চাবি তিনজন চালককে হস্তান্তরের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করবেন।

চট্টগ্রাম সেনানিবাসের ইবিআরসি কনফারেন্স হলে নতুন ট্যাক্সিক্যাব আনুষ্ঠানিক  উদ্বোধনের অপেক্ষায় আছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি সুবিধাসম্বলিত ৬’শ ট্যাক্সিক্যাব ঢাকা ও চট্টগ্রামে নামানোর পরিকল্পনার অংশ হিসেবে এ সার্ভিস চালু হচ্ছে।

গত ২২ এপ্রিল নতুন এই ট্যাক্সিক্যাব ঢাকার রাস্তায় নামে। এদিন আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের ২৭টি এবং বেসরকারি প্রতিষ্ঠান তমা কনস্ট্রাকশনের ১৯টি ট্যাক্সিক্যাব সড়কে নামে।

চট্টগ্রামে নামানো ট্যাক্সিক্যাবগুলো থাকবে নগরীর লালখান বাজার ও স্টেডিয়াম এলাকায়। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংলগ্ন এলাকায় অবস্থিত ট্রাস্ট কার্যালয় থেকে ক্যাবগুলো নিয়ন্ত্রণ করা হবে।

সূত্র জানায়, জাপানের টয়োটা থেকে আমদানিকৃত ট্যাক্সিক্যাবগুলো জিপিএস প্রযুক্তিতে চলবে। এ প্রযুক্তির সহায়তায় কখন কোথায় কোন ট্যাক্সি অবস্থান করছে সেটা নিশ্চিত হওয়া যাবে। গাড়িগুলোর ইঞ্জিন ১৫০০ সিসি ক্ষমতাসম্পন্ন এবং অকটেনচালিত। প্রতিটি গাড়ি শীতাতপ নিয়ন্ত্রিত। গাড়িতে সিকিউরিটি ট্রাকিং, মনিটরিং এবং মিটারের ব্যবস্থা থাকবে। কোনো যাত্রী গাড়িতে কিছু ফেলে গেলেও সেটি বেহাত হওয়ার সুযোগ নেই কারণ গাড়িতে থাকবে ভিডিওর ব্যবস্থা।

ট্যাক্সি ক্যাবের ভাড়া প্রসঙ্গে জানা গেছে, প্রথম দুই কিলোমিটারের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮৫ টাকা। পরবর্তী প্রতি কিলোমিটারের ভাড়া হবে ৩৪ টাকা এবং প্রতি মিনিট ওয়েটিং চার্জ নির্ধারণ হয়েছে ৪ টাকা ২৫ পয়সা।

এসএই্চ