সুন্দরবনের ভারতীয় অংশের মাতলা ও বিদ্যাধরী নদীর সংযোগস্থলের একটি চরে আঘাত লেগে ডুবে যাচ্ছে ‘এম ভি অন্বেষণ’ নামে বাংলাদেশের একটি জাহাজ।

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত ওই নদী দু'টোর সংযোগস্থলে শনিবার রাতে আঘাত লাগার কারণে জাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এর পর থেকে ধীরে ধীরে জাহাজটির সামনের অংশ পানিতে ডুবতে থাকে।


রবিবার সকালে নদীর দুই পারের বাসিন্দারা বিষয়টি স্থানীয় থানা পুলিশকে জানালে কুলতলি এবং মৈপীঠ কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দুপুর পর্যন্ত উদ্ধারকাজ শুরু করা যায়নি বলে জানা গেছে।

মৈপীঠ থানা জানিয়েছে, জাহাজটি উদ্ধারের জন্য সার্বিক চেষ্টা শুরু হয়েছে। জাহাজটি মেরামতের জন্য কলকাতা পোস্ট ট্রাস্টকেও খবর পাঠানো হয়েছে।

জানা গেছে, পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছে বজবজ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুক্রবার ছাই নিয়ে বাংলাদেশের পথে রওনা দেয় জাহাজটি।

জাহাজটিতে মোট ১১ জনের মতো নাবিক রয়েছে। নাবিকদের প্রত্যেকেই এখন পর্যন্ত নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

 

এমএ