রাঙ্গামাটির নানিয়ারচরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘গোলাগুলি’তে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন।
নিহত নয়ন চাকমা ওরফে সাজেক (৩৫) উপজেলার সাবেক্ষং ইউনিয়নের ৯ নম্বর বাজেছড়া গ্রামের বাসিন্দা কান্দারা চাকমার ছেলে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নানিয়ারচর উপজেলার ১৯ মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি টহল দলের ওপর অতর্কিত সশস্ত্র হামলা চালায় ইউপিডিএফের একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। গুলিতে ঘটনাস্থলেই নয়ন চাকমা মারা যায়। অন্য সহযোগীরা পালাতে সক্ষম হয়েছে।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একটি রিভলভার, দুইটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি, ১৮ হাজার চাঁদার টাকা এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে নানিয়ারচর থানার ওসি সাব্বির হোসেন জানান, রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কের ১৯ মাইল এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হয়েছে। নিহত সন্ত্রাসী ইউপিডিএফের সক্রিয় সদস্য বলে জানা গেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে নয়ন চাকমাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। সংগঠনটির রাঙ্গামাটি জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
এমআর





