ভোলায় মেঘনার ভাঙন এলাকা পরিদর্শনে আসা দুই মন্ত্রীকে স্বাগত জানাতে রাস্তায় দাঁড় করানো হয়েছে শিক্ষার্থীদের।
শুক্রবার সদরর উপজেলার মৌলভীরহাট মডেল ফাজিল মাদ্রাসা ও গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় এক হাজার শিক্ষার্থী সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সড়কে দাঁড়িয়ে থাকে।
মন্ত্রী ও সাংসদদের স্বাগত জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় না করাতে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে মেঘনার ভাঙন কবলিত ইলিশা ফেরিঘাট এলাকার হার্ড পয়েন্ট পরিদর্শলে আসার কথা ছিল পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ।
কিন্তু তারা সেখানে পৌঁছেন বেলা সাড়ে ১২টায়। স্কুল ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা সাংবাদিকদের জানায়, শিক্ষকদের নির্দেশে তারা সকাল থেকে বই-খাতা নিয়ে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকে।
এ ব্যাপারে মৌলভীরহাট মডেল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের এমপি তোফায়েল আহমেদকে স্বাগত জানাতে এসেছি। এখানে দোষের কিছু নেই।”
এএইচ





