চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে মিহির কান্তি বিশ্বাস (১৮) নামে সাতক্ষীরা ডে-নাইট কলেজের এক ছাত্র আত্মহত্যা করেছেন।
শনিবার দুপুর ২টার দিকে সাতক্ষীরা সরকারি কলেজের জিয়া হল সংলগ্ন সুমি ছাত্রাবাসের নিজ রুমে গলায় দড়ি দিয়ে তিনি আত্মহত্যা করেন। মিহির জেলার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বজ্রবকশা গ্রামের কালীপদ বিশ্বাসের ছেলে।
আত্মহননের আগে বাবার কাছে লিখে রেখে যাওয়া চার পৃষ্ঠার এক চিঠিতে মিহির উল্লেখ করেন, চার দিন আগে অন্যের বাড়িতে মোবাইলে চার্জ দিতে যাওয়াকে কেন্দ্র করে তার বিরুদ্ধে ১০ হাজার টাকা চুরির অপবাদ দেয়া হয়।
এ ঘটনায় সে লোক লজ্জার ভয়ে গ্রামে যেতে পারছিল না। এমনকি তার প্রেমিকাকে কিভাবে মুখ দেখাবে তা নিয়ে সংশয়ে ছিল সে। চিঠিতে সে লিখেছে, কথিত চুরির সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই।
ছাত্রাবাসের সহপাঠীরা জানায়, কাজের বুয়া চলে যাওয়ায় তাদের ছাত্রবাসে কয়েকদিন ধরে রান্না বন্ধ ছিল। দুপুরে হোটেলে খেতে যাওয়ার জন্য তাকে ডাক দেয়া হয়। কিন্তু অনেকক্ষণ ধরে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার রুমের জানালা ভেঙে দেখতে পায় সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান সাংবাদিকদের জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা, ২৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





