বরিশালের গৌরনদীতে বাসচাপায় নাসির উদ্দিন হাওলাদার (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও দুই আরোহী।

শুক্রবার বেলা ১১টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের কটকস্থলে এ দুর্ঘটনা ঘটে।

নাসির উদ্দিন হাওলাদার উজিরপুর উপজেলার ওটরা গ্রামের উজ্জ্বল হাওলাদারের ছেলে।

আহতরা হলেন- একই উপজেলার মো. শহীদ (৫০) ও মো. সেলিম মিয়া (৩৫)।

গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মাহাবুবুর রহমান চৌধুরী জানান, উজিরপুর থেকে মোটরসাইকেলে করে ওই তিনজন গৌরনদীর উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে কটকস্থলে ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী বাসের চাপায় নাসিরউদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। আহত সেলিম ও শহিদকে আশোকাঠি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, ঘাতক বাস ও চালককে আটক করা যায়নি। লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

কেএইচ