গাইবান্ধা গোবিন্দগঞ্জে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত মো. নুরুল আমিন (৫৫) ও তার ছোট ভাই নাহিদ হোসেন মিতু (৩৫) উপজেলার কোচাশহর ইউনিয়নের জগৎনাথপুর গ্রামের আজগর আলীর ছেলে।

নুরুল আমিন ধর্মা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নাহিদ হোসেন মিতু রংপুর চিনিকলের ইক্ষু উন্নয়ন সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়িতে বিদ্যুতের লাইন মেরামত করছিলেন নাহিদ। এ সময় হঠাৎ বিদ্যুতায়িত হন। বিদ্যুতায়িত ভাইকে বাঁচাতে বড় ভাই নুরুল আমিন ছুটে এলে তিনিও বিদ্যুতায়িত হন। স্থানীয়রা বিদ্যুৎ লাইন বন্ধ রেখে তাদের উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এসএ