নারায়ণগঞ্জে প্রকাশ্যে খোরশেদ আলম (৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় ব্যবসায়ীকে বাঁচাতে গিয়ে আরও ৪ জন আহত হয়।
আজ (বৃহস্পতিবার) সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ডেকোরেটর ব্যবসায়ী খোরশেদ আলম উপজেলার উত্তর ষোলপাড়া গ্রামের ফজর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা ও আমিনপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জাফর আলীর ছেলে সুলতান আহম্মেদের সাথে ফজর আলীর ছেলে খোরশেদ আলমের জমি সংক্রান্ত বিরোধ ছিল। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।আজ (বৃহস্পতিবার) দুপুরে বাজার থেকে বাড়ি যাওয়ার পথে বিরোধকৃত জমির পাশে খোরশেদ আলমকে একা পেয়ে সুলতান আহম্মেদের নেতৃত্বে তার ছেলে সিফাত, ফাহাদ ও ৫-৭ জনের ভাড়াটে সন্ত্রাসীরা ধাওয়া করে। এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে।
এ সময় তার আত্মীয় স্বজনরা এগিয়ে এলে সোহাগ, সজিব, নুরুল ইসলাম ও সিরাজুলকেও কুপিয়ে আহত করে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক খোরশেদ আলমকে মৃত ঘোষণা করেন।
সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান, জমি সংক্রান্ত বিরোধে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি ও খুনিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমবি





