খুলনা নগরীতে মো. মনিরুজ্জামান ওরফে জামান ওরফে ক্যাপটেন (৩৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার ভোর রাতে নগর গোয়েন্দা পুলিশ খালিশপুর হাউজিং পুরাতন কলোনির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় ১টি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার বিকেলে কেএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে খালিশপুর থানাধীন জামিলের মোড়স্থ হাউজিং পুরাতন কলোনির ভাড়াটিয়া মোহাম্মদ আলীর বাসায় অভিযান চালিয়ে সন্ত্রাসী মনিরুজ্জামান ওরফে জামান ওরফে ক্যাপটেনকে গ্রেপ্তার করা হয়। পরে তার স্বীকারোক্তিতে ডান পায়ের কেডসের (জুতা) ভেতর থেকে মোজা দিয়ে ঢাকা পলিথিনে মোড়ানো ১টি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মনিরুজ্জামান ক্যাপটেন নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা গ্রামের মৃত গোলাম সরোয়ারের ছেলে। সে ঢাকার ৬০-সি, পুরাতন পল্টন এলাকার বাসিন্দা।
ডিবি পরিদর্শক সুরেশ চন্দ্র হালদার জানান, চাঁদাবাজি ও সন্ত্রাসী কাজে ব্যবহার করার জন্য ঢাকা থেকে অস্ত্র ও গুলি খুলনায় আনা হয়।
ওএফ





