পাবনার রাজাপুর উপশহর এলাকায় জেড-ম্যাক্স নামে ভেজাল ওষুধ তৈরির একটি কারখানার সন্ধান পাওয়া গেছে। সেখান থেকে বিপুল ভেজাল ওষুধও জব্দ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে পাবনা জেলা প্রশাসনের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযানে এ কারখানার সন্ধান পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের নেতৃত্বে অভিযানে আরও অংশ নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, পাবনা ড্রাগ সুপার রাজিবুল হাবিব ও পাবনা সদর থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পাবনার উপশহর রাজাপুরে জেড-ম্যাক্স নামে ভেজাল ওষুধ তৈরির কারখানাটিতে অভিযান চালানো হয়।
এসময় মানবদেহের ও গবাদি পশুর জন্য ক্ষতিকারক বিপুল ভেজাল ওষুধ উদ্ধার করা হয়। পরে প্রশাসনের পক্ষ থেকে কারখানাটি সিলগালা করে দেয়া হয়।
প্রশাসনের লোকজন অভিযানে আসছে এমন খবর পেয়ে কোম্পানির মালিক কামাল হোসেনসহ অন্যরা পালিয়ে যায়।
তিনি আরও জানান, ভেজাল এই ওষুধ কোম্পানিটির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করে শাস্তি নিশ্চিত করা হবে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





