দিনাজপুরের চিরিরবন্দরে ঢাকাগামী নাবিল পরিবহনের (ঢাকা মোট্রো : গ-৫৫১৭) একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হননি। উপজেলার ভুষিরবন্দরে রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নাবিল পরিবহনের সুপার ভাইজার মো. রুবেল হোসেন জানান, সকালে চিরিরবন্দর উপজেলার ভুষিরবন্দরে কতিপয় দুর্বৃত্ত গাড়িকে লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়ে। বোমাটি গাড়িতে লেগে বাইরে পড়ে যায়। এরপর তারা এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ির বেশ কিছু কাঁচ ভাঙচুর করে।

বাসচালক মো. লিটন জানান, হামলাকারীরা পুনরায় গাড়ির দিকে ধেয়ে আসলে দ্রুত সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চিরিরবন্দর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আনিছুর রহমান জানান, জামায়াত-শিবিরের কর্মীরা রাতে দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। সকালে তারা নাবিল পরিবহনে হামলার চেষ্টা চালালে পুলিশি তৎপরতায় সে চেষ্টা ব্যর্থ হয়।

কেএইচ