চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির ও সাবেক সাংসদ মাওলানা আ ন ম শামসুল ইসলামকে দু’মাসের মাথায় আবারও জেলগেট থেকে আটক করেছে পুলিশ। এ নিয়ে তাকে তৃতীয়বারের মত জেলগেট থেকে আটক করা হল।
বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টার দিকে নগরীর কোতয়ালি থানা পুলিশ তাকে আটক করেছে।
কোতয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) জসিম উদ্দিন বলেন, আ ন ম শামসুল ইসলামের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় মামলা আছে। এসব মামলা যাচাইবাছাই করা হচ্ছে। শামসুল মুক্তি পেলে চট্টগ্রামে রাজনৈতিক সহিসংতার সৃষ্টি হতে পারে বলেও আমাদের আশংকা আছে। এজন্য তাকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মনির হোসেন জানান, শামসুল ইসলামের বিরুদ্ধে মোট ১০টি মামলা ছিল। সেসব মামলায় জামিন পেয়ে মুক্তির পর ২০১৪ সালের ১৬ জুলাই তাকে প্রথমে একবার জেলগেট থেকে আটক করা হয়েছিল।
এরপর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় জামিনে মুক্তির পর গত ৩ জুন তাকে জেলগেট থেকে আটক করেছিল নগর গোয়েন্দা পুলিশ।
সর্বশেষ আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। বুধবার বিকাল ৩টার দিকে ওই মামলার জামিন আদেশ কারাগারে এসে পৌঁছে। যাচাইবাছাই শেষে পৌনে ৬টার দিকে মুক্তি দেয়ার পর কোতয়ালি থানা পুলিশ তাকে তৃতীয় দফায় গ্রেফতার করে।
২০১৪ সালের ১২ মে নগরীর দেওয়ান বাজারে নগর জামায়াতের কার্যালয়ে বৈঠকের সময় আ ন ম শামসুল ইসলামকে আটক করে পুলিশ।
জামায়াত নেতা আ ন ম শামসুল ইসলাম জেলার সাতকানিয়া-লোহাগাড়া আসন থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য।
কেএইচ





