মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুরে এমআই সিমেন্ট ফ্যাক্টরির কারখানায় পরিষ্কার করতে গিয়ে মো. শাহীন(৩১) ও মো. রাশিদুল(২৫) নামে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন হাফিজুর রহমান(২২) নামে আরো এক শ্রমিক।

সোমবার সকাল ৭টার দিকে বন্ধ থাকা ফ্যাক্টরির ভেতরে পরিষ্কার করতে গিয়ে জমাট বাঁধা সিমেন্ট শরীরে পড়ে এই ঘটনা ঘটে।

নিহত শাহিন চাঁদপুর জেলার মতলবের মান্দাতলা গ্রামের শাহাদত খন্দকারের ছেলে। আহত হাফিজুর টাঙ্গাইল জেলার ঘাটাইলের দশআনী বকশিয়া গ্রামের ফজলুর রহমানের ছেলে। রাশিদুলের পরিচয় জানা যায়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগির হোসেন জানান, সকালে বন্ধ থাকা ফ্যাক্টরি পরিষ্কার করতে গিয়ে জমাট বাঁধা সিমেন্ট শ্রমিকদের শরীরে পড়ে। এতে রাশিদুল ও শাহীন মারা যান। আহত হাফিজুরকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।