নোয়াখালী জেলা শহরে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত মানববন্ধন, সমাবেশ করেছে।

বুধবার ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমিতির সহস্রারাধিক শ্রমিক প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে। পরে তারা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন এবং মাইজদী হাউজিং বালুর মাঠে সমাবেশ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার আইন-শৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত মতে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার প্রতিরোধ ও শহরের যানজট নিরসনের উদ্দেশ্যে গত মঙ্গলবার সকাল থেকে জেলা শহরে ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা করে। এতে ক্ষিপ্ত হয়ে আন্দোলনে নামে সংশ্লিষ্ট মালিক, ড্রাইভার ও শ্রমিকরা।

একাধিক শ্রমিক জানান, যখন দেশের বিভিন্ন জেলায় লাখ লাখ ইজিবাইক ও অটোরিকশা ডুকছে তখন সরকার কেন পরিকল্পনা করেনি। এখন এর সাথে লাখ লাখ পরিবার যখন তাদের রুটি রুজির পথ খুঁজে নিয়েছে তখন বন্ধ ঘোষণা করতে যাচ্ছে।

যদি সরকার এ সিদ্ধান্ত বাতিল না করে তাহলে এসব শ্রমিকরা না খেয়ে মরবে। দেখা যাবে অনেকে সমাজে চুরি, ছিনতাই, ডাকাতিসহ নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়বে।

তাই শ্রমিকরা সরকারের এ সিদ্ধান্ত বাতিল করে পুনরায় ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশা সড়কে চলাচলের অনুমতি দেয়ার জন্য অনুরোধ করেন।

এসএইচ