স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ভূয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা ক্রিমিনাল। এরা কসাইয়ের মত গ্রামের মানুষদের থেকে জমি বিক্রির টাকা হাতিয়ে নিচ্ছে। এদের সাথে স্বাস্থ্যমন্ত্রনালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে লাল দালানের ভাত খাইয়ে ছাড়বো।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব কিডনি দিবস-২০১৪ উপলক্ষে বাংলাদেশ রোনাল অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভুয়া ক্লিনিক ও ডায়াগনস্টিকদের বিরুদ্ধে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে এবং এটা অব্যাহত থাকবে। এদের ব্যপারে কোন ছাড় দেয়া হবে না।
তিনি আরও বলেন, সরকারী হাসপাতালরে সামনের ফুটপাতে হাসপাতালের কর্মচারী, শ্রমিক নেতা, রাজনৈতিক নেতাদের যোগসাজশে অবৈধ দোকান পাট গড়ে উঠেছে। এদের সরানোর অভিযান শুরু হয়েছে এবং তা অব্যাহত থাকবে।
স্বাস্থ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, যারা সুইপার রয়েছে তারা রাজনৈতিক কর্মী এরা কোন কাজকর্ম করে না। হাসপাতাল গুলোর টয়লেটের অবস্থা খুব খারাপ। তাই আগামীতে সুইপার নিয়োগের ক্ষেত্রে প্রকৃত সুইপারদেরকেই অগ্রাধিকার দেয়া হবে।
রোনাল অ্যাসোসিয়েশন সভাপতি অধ্যাপক মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ব বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক প্রাণ গোপাল দত্ত, কিডনী ফাউণ্ডেশন ও সোসাইটি অফ অর্গান ট্রান্সপ্লান্টেশনের সভাপতি অধ্যাপক হারুন আর রশিদসহ অনেকে।
[b]ঢাকা, এমআর, ১৩ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]