প্রতিবছরের মতো জ্ঞানের আলো ছড়াতে আবারও এসেছেন বিদ্যার দেবী সরস্বতী। আজ সারা দেশে উদযাপিত হবে আবহমানকালের সার্বজনীন উৎসব সরস্বতী পূজা। এরইমধ্যে হিন্দুধর্মাবলম্বীরা প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু করেছেন।
রাজধানীসহ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলোতে আয়োজন করা হয়েছে বাণী অর্চনার। প্রতিবছর হিন্দুধর্মাবলম্বী শিক্ষার্থীরা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বিদ্যার জন্য বাণী দেবীর আরাধনা করে। এ পূজা উপলক্ষে আজ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছুটি ঘোষণা করা হয়েছে।
রাজধানীর হাটখোলা রোডের প্রভূ জগদ্বন্ধু মহা-প্রকাশ মঠ প্রাঙ্গণে ব্যাংকার্স পূজা পরিষদের উদ্যোগে সরস্বতী দেবীর বাণী অর্চনার আয়োজন করা হয়েছে।
ঢাকা অফিসার্স ক্লাবে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী কানুতোষ মজুমদার ও সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ[/b]