সাতক্ষীরায় ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে বাড়িতে দাওয়াত দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছেন এক ব্যবসায়ী। আশঙ্কাজনক অবস্থায় ওই প্রতিনিধিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল ৪টায় জেলা শহরের পলাশপোল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, সিগারেটের বিক্রয় প্রতিনিধি রবিউল ইসলাম বুধবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতালের বিপরীতে অবস্থিত মেহেদী হাসানের দোকানে পাওনা টাকা চাইতে যায়। এসময় মেহেদী তাকে দুপুর ৩টার দিকে টাকা নেওয়ার জন্য আসতে বলে। কথা অনুযায়ী রবিউল ইসলাম টাকা চাইতে গেলে মেহেদী হাসান তাকে টাকা দেওয়ার নাম করে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়।
বাড়ি গিয়ে দুজন দুপুরের খাবার খান। এরপর গল্প করার একপর্যায়ে মেহেদী ধারালো ছুরি দিয়ে রবিউল ইসলামকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়। এসময় রবিউলের কাছে থাকা তিন লাখ টাকা নিয়ে মেহেদী পালিয়ে যান।
স্থানীয়রা বিক্রয় প্রতিনিধির চিৎকার শুনে ছুটে এসে তাকে সদর হাসপাতালে ভর্তি করেন।
সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মারুফ হাসান জানান, রবিউল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার অস্ত্রোপচার চলছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, মেহেদী হাসানকে গ্রেফতার করতে পুলিশ অভিযানে নেমেছে।
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





