নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

অস্ত্র মামলায় সোমবার দুপুরে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এ আদেশ দেন।

শাহজালাল বাদল সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রলীগের আহবায়ক ও সাত খুনের মামলায় অভিযুক্ত নূর হোসেনের ভাতিজা।

শাহজালালের আইনজীবী খোকন সাহা জানান, ২০১৪ সালের ৯মে সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাক স্ট্যান্ডে পুলিশ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় কয়েকটি দেশি অস্ত্র উদ্ধার করে।

পরে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে বলে জানান তিনি।

অ্যাডভোকেট খোকন বলেন, ওই মামলায় দুপুর ২টার দিকে শাহজালাল বাদল আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন, আদালত শুনানি শেষে আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

সোমবার বিকাল ৫টার দিকে বাদলকে জেলা কারাগারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আসাদুজ্জামান।

কেএইচ