করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৮ ও নারী ৮ জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৫৮০ জন। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯০৮ জন। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন।

এখন পর্যন্ত সর্বোচ্চ ঢাকা বিভাগে মারা গেছেন ৩ হাজার ৫১৭ জন।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ৩৬ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, খুলনা বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছেন ৩ হাজার ৫১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ২৫৪ জন, রাজশাহী বিভাগে ৪০১ জন, খুলনা বিভাগে ৪৯৫ জন, বরিশাল বিভাগে ২১৯ জন, সিলেট বিভাগে ২৬৪ জন, রংপুর বিভাগে ২৯৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৩২ জন।

এমবি