মুজিববর্ষের নামে চাঁদা আদায়কালে তিন যুবলীগকর্মীকে আটক করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার (০৭ মার্চ) সকালে কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে এই কথা জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার শাহ আবদুর রউফ।
এসময় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন ও তদন্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলেন- শেখ রিয়াজ আহমেদ, শাহাজান ও বাটুল বড়ুয়া।
পুলিশ জানায়, মুজিববর্ষকে সামনে রেখে কয়েকটি চক্র নগরীর বিভিন্ন স্থানে চাঁদা দাবি ও আদায় করছে। পুলিশ এ রকম কয়েকটি অভিযোগের পর গতকাল (শুক্রবার) রাতে নগরীর নন্দন কাননসহ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। এ চক্রের সঙ্গে জড়িত আরো কয়েকজনকে খুঁজছে পুলিশ।
সংবাদ সম্মেলনে নগরীর বিভিন্ন ব্যবসায়ীসহ প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায়ের তথ্য কয়েকটি সংগঠনের নামের তালিকা উদ্ধার করা হয়। আটক তিন যুবলীগকর্মী সংগঠনটির কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের অনুসারী। বাবর দীর্ঘদিন ধরে বিদেশে পলাতক রয়েছেন।
সিএমপির উপকমিশনার শাহ আবদুর রউফ বলেন, ‘আটক ব্যক্তিরা যুবলীগ নেতা বাবরের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছে। বাবর পলাতক রয়েছেন।”
তিনি বলেন, “মুজিববর্ষ একটি সেনসেটিভ (স্পর্শকাতর) বিষয়। এটাকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান চলছে। এ বর্ষকে কেন্দ্র করে কোনো অসাধু গোষ্ঠী যেন অপকর্ম করতে না পারে পুলিশ সে ব্যাপারে সতর্ক আছে। শহরে আরো গ্রুপ এ অপকর্ম করছে। আমরা সতর্ক আছি, কেউ অপকর্ম করলে আমরা দ্রুত ব্যবস্থা নেব।”
এমবি





