রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- খন্দকার বাহারুল আলম, মো. জাফর ও মো. রাজু। এ সময় তাদের কাছ থেকে দুটি খেলনা পিস্তল, দুটি ছোরা, এক জোড়া হ্যান্ডকাপ, চারটি মোবাইল ও একটি প্রাইভেটকার (যার নং-ঢাকা-মেট্রো-খ-১২-২২২০) উদ্ধার করা হয়।
বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই চার ডাকাত দীর্ঘদিন যাবৎ তাদের দলনেতা আজীবরের (কথিত কাস্টম কর্মকর্তা) মাধ্যমে তথ্য সংগ্রহ করে নিজেদের ডিবি পরিচয় দিয়ে বিমানবন্দর হয়ে বিদেশ থেকে আমদানিকৃত বিভিন্ন ক্যামিকেলসহ অন্যান্য মূল্যবান দ্রব্যাদি গন্তব্যে পৌঁছে দেওয়ার সময় বিভিন্ন লোককে থামাত। এরপর কাগজপত্র দেখার নাম করে গাড়ির ড্রাইভার ও সঙ্গে থাকা লোকজনের হাতে হাতকড়া পরিয়ে ডাকাতি সম্পন্ন করে পালিয়ে যেত। তাদের সহযোগী পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের (উত্তর) উপপুলিশ কমিশনার শেখ নাজমুল আলমের নির্দেশনায় অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মাহফুজুল ইসলামের তত্ত্বাবধানে ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মাহদুদুল কবীরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
এম আর





