স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ট্রি-ম্যান রোগে আক্রান্ত আবুল বাজনদারকে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করা হবে। আর চিকিৎসার খরচ বহন করবে সরকার। ’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘ট্রি-ম্যান’ রোগে আক্রান্ত আবুল বাজনদারকে দেখতে এসে তিনি সাংবাদিকদের এ সব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা কাজ করছি। চেষ্টা করব এ মানুষটিকে স্বাভাবিক জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা প্রতিনিয়তই মানুষকে বাঁচানোর চেষ্টা করছে। এ রোগের ব্যাপারে দেশ-বিদেশের চিকিৎসকদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তারা প্রয়োজনীয় চিকিৎসা দেবেন।’
দর্শনার্থীরা যাতে আবুল বাজনদারকে বিরক্ত না করেন সে জন্য তাকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আপনারাও তার কক্ষে বেশি না গেলে চিকিৎসার জন্য সুবিধা হবে বলে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
এমএম





