বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সাতটি ইউপি নির্বাচনের মধ্যে লতা ইউনিয়নের একটি কেন্দ্রে পিস্তলের গুলি ছুড়ে কেন্দ্র দখল চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর একজন অবসারপ্রাপ্ত মেজরকে আটক করেছে পুলিশ। পরে তার কাছ থেকে একটি পিস্তলসহ ৪২ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বেলা দেড়টায় ওই ইউনিয়নের গৌরীপুর গ্রামের ১ নং কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে দুই আনসার সদস্য আহত হয়েছেন বলে জানায় পুলিশ।

বরিশালের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, সকালে নির্বাচন শুরু হতেই অবসরপ্রাপ্ত মেজর মো. মহসীন সিকদার লতা ইউনিয়নের ১ নম্বর কেন্দ্রে গিয়ে সদস্য পদপ্রার্থী (মোরগ মার্কা) স্বপন তালুকদারের পক্ষে ভোটারদের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত দুই আনসার সদস্য তাকে বাধা দিলে তিনি তাদের মারধর করেন। পরে পুলিশের সঙ্গে বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি হয় তার। একপর্যায়ে তিনি নিজের কাছে থাকা পিস্তল দিয়ে একটি ফাঁকা গুলি ছোড়েন। পুলিশ মহসিনকে ঘটনাস্থল থেকে আটক করে তার কাছ থেকে ১০০ টাকার একটি বান্ডেল এবং ৫০০ টাকার ৩৪টি নোট জব্দ করে।

কিছুক্ষণ পর তার বাসায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ম্যাগজিন ভর্তি তিন রাউন্ড গুলিসহ মোট ৪২ রাউন্ড তাজা গুলি এবং কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। তবে এসব অস্ত্র বা গুলির কোনো প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ছাড়া নির্বাচনকালীন অস্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বে¡ও তিনি ভোটকেন্দ্রে গিয়ে অস্ত্র ব্যবহার করেছেন।

এ বিষয়ে বরিশাল জেলার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার জানান, মেজর (অব.) মহসীনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের মারধর, অস্ত্রের অবৈধ ব্যবহারসহ বেশ কয়েকটি ধারায় মামলার প্রস্তুতি চলছে।

এমই