গাইবান্ধার গোবিন্দগঞ্জে নৈশকোচের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন।
এ ঘটনায় নারী ও শিশুসহ আরো ১৪ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (২২ এপ্রিল) ভোরে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পান্থপাড়ার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভিএস পরিবহন নামে একটি নৈশকোচ পঞ্চগড় যাচ্ছিলো। বাসটি পান্থপাড়ার বকচর এলাকায় পৌঁছালে ঢাকাগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই কোচ ও ট্রাক চালকসহ চারজন নিহত হন। এছাড়া এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন অন্তত ১৪ জন।
আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে দুই-তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎকসক জানিয়েছেন।
প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে ট্রাক চালকের ঘুমকে দায়ী করেন ওসি আবুল বাশার।
এএস





