সিএনজি চালিত একটি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে জমির হোসেন (৩২) নামের এক চালক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে নোয়াখালীর মাইজদীতে পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. জমির হোসেন জেলার সূবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের চরজব্বর গ্রামের কাশেমের বাড়ীর আবুল কাশেমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সূবর্ণচর থেকে নিহত জমির সিএনজি নিয়ে গ্যাসের জন্য বেগমগঞ্জ উপজেলার ফিলিং স্টেশনের দিকে যাচ্ছিল। তার পেছনে পেছনে একটি মোটরসাইকেল নিয়ে তার ভাই গিয়াস উদ্দিন আসছিলেন।
পথে জেলা শহর মাইজদীর সোনাপুর-মাইজদী সড়কের পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সামনে আসলে জমিরের সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে মাথা গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে জমিরের মৃত্যু হয়।
নিহতের ভাই গিয়াস উদ্দিন জানান, পিকেটারদের ভয়ে তার ভাই দ্রুত গাড়ী চালাতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়েছেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ জানান, দ্রুত আসার সময় সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে চালক জমিরের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার সময় পৌরকল্যাণ উচ্চ বিদ্যালয় এলাকায় পুলিশ টহলে ছিল।
নিহতের লাশ উদ্ধার করে নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এআর





