নোয়াখালীর মাইজদীতে নতুন বাসস্টান্ড এলাকায় প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়। মঙ্গলবার রাতে ৯টায় এ ঘটনা ঘটে।

একই সময় মাইজদী চৌমুহনীর প্রধানে সড়কে ৩টি ট্রাক ও ৫টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করেছে অবরোধকারীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সুধারাম থানা থেকে আধা কিলোমিটার দূরত্বে মধ্যে নতুন বাসস্টান্ড এলাকায় অবরোধকারীরা একটি প্রাইভেটকার থেকে চালককে নামিয়ে দেয়। পরে তারা প্রাইভেটকারটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। একই সময়ে ওই এলাকায় ৩টি ট্রাক ও ৫টি সিএনজি চালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই প্রাইভেটকারটি সম্পূর্ণ পুড়ে যায়।

সুধারাম থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কেএইচ