বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে সিলেটে ঝাড়ু মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। এসময় মিছিলে ধাওয়া দিয়ে পুলিশ তিনজনকে আটক করেছে।

সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটি প্রত্যাখ্যান করে শনিবার রাত ৮টা ১৫ মিনিটে নগরীর জিন্দাবাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, ডা. শাহরীয়ার হোসেন চৌধুরীকে আহবায়ক ও বদরুজ্জামান সেলিমকে যুগ্ম-আহবায়ক করে শনিবার সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির ৩৩ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটি প্রত্যাখান করে মিছিল বের করেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও মহানগর বিএনপির প্রাক্তন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের অনুসারীরা। তারা মিছিল থেকে কমিটি প্রত্যাখান করে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরীর বিরুদ্ধে স্লোগান দেন।

মিছিলটি জিন্দাবাজার পয়েন্ট ঘুরে পুনরায় মিরাবাজারের উদ্দেশ্যে রওয়ানা হয়। পূর্ব জিন্দাবাজার নেহার মার্কেটের সামনে আসার পর পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এ সময় তিনজনকে আটক করা হয়। পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা পালিয়ে যান।

সিলেট কোতোয়ালী থানার সেকেন্ড অফিসার এসআই মোবাশ্বির আলী জানান, বিশৃঙ্খলার চেষ্টাকালে পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তিনজনকে আটক করা হয়।

এআর