সিরাজগঞ্জের বেলকুচি থেকে তিনটি বিদেশি পিস্তল, গুলি, ককটেলসহ দু’জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার ভোরে বেলকুচির কল্যাণপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হল- সাইফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৮) ও আলতাফ আলীর ছেলে জাক্কু শেখ (৪৫)।

সিরাজগঞ্জ র‌্যাব- ১২- এর অপরাধ দমন বিশেষ শাখার অধিনায়ক সহকারী পুলিশ সুপার হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৩টা থেকে দুই ঘণ্টাব্যাপী অভিযানে বেলকুচি উপজেলার কল্যাণপুর গ্রাম থেকে ফরিদুল ও জাক্কুকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৮টি ককটেল, দু’টি রামদা, একটি ড্যাগার, চারটি ম্যাগজিনে ১২ রাউন্ড গুলি, আট রাউন্ড শটগানের গুলি, একটি চোরাই মোটরসাইকেল ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। র‌্যাব কার্যালয়ে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের পর বিকাল ৪টায় তাদের মিডিয়ার সম্মুখে হাজির করা হবে।

বেলকুচি থানার অফিসার ইন চার্জ (ওসি) আনিছুর রহমান জানান, গ্রেফতারদের এখনও থানায় হস্তান্তর করা হয়নি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

কেএইচ