রাজধানীর আজিমপুরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে । এ ঘটনায় ১জন নিহত হয়েছে, প্রাথমিকভাবে নিহতের নাম জানা যায়নি ।

গুলিবিদ্ধ অবস্থায় নাসরিন আক্তার (২৫) নামে এক নারীসহ ৩ নারী জঙ্গিকে  আটক করেছে পুলিশ ।

শনিবার রাত সোয়া ৮টার দিকে আহত নারীজঙ্গি নাসরিনকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে মারাত্মক আহত অবস্থায় আরো ২ নারী জঙ্গিকে ঢামেকে নেয়া হয়, আহত ২ নারী জঙ্গির নাম এখনো জানা যায়নি। 

এদের মধ্যে নাসরিনের শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে । এছাড়া পুলিশ কনস্টেবল মাহতাব ও লাভলুর দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত দেখা গেছে । অন্যদের চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়া হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় আজিমপুর বিডিআর ২ নম্বর গেটের কাছের ফয়সাল ও হাবিবদের বাড়ির একটি ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটি) সদস্যরা। স্থানীয়রা জানায় চলতি মাসেই নারী জঙ্গিরা এই বাড়িটি ভাড়া নেয়।

এ ঘটনায় কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পাঁচ সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- কনস্টেবল লাবলু জামাল (২০), রামচন্দ্র বিশ্বাস (১৯), শাহজাহান আলী (২৩), মাহতাব উদ্দিন (২১) ও জহির উদ্দিন (২১)। কাউন্টার টেররিজম বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।

অতিরিক্ত উপ –কমিশনার জানান, আজিমপুরের ওই বাড়িটিকে পুলিশ ঘিরে দাঁড়ালে জঙ্গিরা বিস্ফোরক ছোড়ে। এতে ৫ পুলিশ সদস্য আহত হয় ।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যার পর পুলিশের একটি দল বিজিবি ২ নম্বর গেটের পাশে একটি ফ্ল্যাটে অভিযান চালায়। ফ্ল্যাটে কলিং দিলে ভেতর থেকে নারী জঙ্গিরা দুই পুলিশের সদস্যের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। একইসাথে তারা বাতাসে মরিচের গুড়া ছিটিয়ে দিলে পুলিশের চোখে লাগে। পরে পুলিশ গুলি চালায়। এতে ওই ফ্ল্যাটে থাকা নাসরিন নামে এক নারী জঙ্গি গুলিবিদ্ধ হয় ।

রাতে এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান চলছিলো।

এসএ/কেবি