চট্টগ্রামে রাউজানের আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্র থেকে মো. আবুল হাসেম (৫৪) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য, বৃদ্ধ আবুল হাসেম আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।

নিহত আবুল হাসেম উপজেলার হলদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরটিলা গ্রামের মৃত ফজল বারীরের ছেলে।

পুনর্বাসন কেন্দ্রের ব্যবস্থাপক মোহাম্মদ ফারুক জানান, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে সেবক প্রদীপ দত্ত খাবার নিয়ে গিয়ে দেখেন আবুল হাশেমের মৃতদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলছে। সঙ্গে সঙ্গে খবর দেয়া হয়, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এ পুর্নবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতার ভাই দিদারুল আলমকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে দিদারুল আলম জানান, আবুল হাশেম ২০১৪ সালের ১০ নভেম্বর এ পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দা হয়েছেন। কিছুদিন আগে তার পায়ে ক্ষত সৃষ্টি হয়। তাতে পচন ধরায় পরে সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে হাঁটু পযর্ন্ত কেটে ফেলতে হয়েছে। এ যন্ত্রণা থেকে হয়তো আত্মহত্যা করে পরিত্রাণ পেতে চেয়েছেন।

দিদারুল আলম জানান, এ পুনর্বাসন কেন্দ্রে ৭ নারী ও ১৩ জন বৃদ্ধ বাসিন্দা হয়ে আছেন।

নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শেখ জাবেদ মিয়া বলেন, রাতে লাশটি উদ্ধার করে থানায় পাঠানো হয়েছে। তবে সকালেও কেউ আসেনি বলে তিনি জানান।

এসআই জাবেদ বলেন, নিহত ব্যক্তির আত্মীয় স্বজন আসলে লাশ মর্গে পাঠানো হবে। কারণ লাশের সুরতহাল ও লাশ উদ্ধারপূর্ব অবস্থা বলছে যে কাটা পায়ের যন্ত্রণা থেকে মুক্তি পেতেই ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন।

এসএম