খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে বন্দুকযুদ্ধে একজন নিহত ও দুজন গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত কালিদাস পাড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিরাপত্তাবাহিনী সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি ইউপিডিএফ সমর্থক ছিলেন বলে জানা গেছে। অন্যদিকে আহত দুজন জনসংহতি সমিতিরকর্মী। তারা হলেন- শান্তি চাকমা (২০) ও আনন্দ চাকমা (৩০)। তাদেরকে মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

গুইমারা রিজিয়নের স্টাফ অফিসার হাসান আরাফাত জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে সকাল ছয়টার দিকে মানিকছড়ি উপজেলা কালিদাস পাড়া এলাকায় জেএসএস (সন্তু) ও ইউপিডিএফ’র মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। চলে সকাল সাতটা পর্যন্ত। যুদ্ধে উভয়ের মধ্যে শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়।

তিনি জানান, খবর পেয়ে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মোজাম্মেল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা এক ইউপিডিএফ কর্মীর মৃতদেহ উদ্বার করা হয়। বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ জেএসএস গ্রুপের দুই কর্মীকে প্রথমে মানিকছড়ি এবং পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

ঢাকা, ১৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস