বরিশাল জেলার হিজলা উপজেলায় গণপিটুনীতে আন্ত:জেলা ডাকাত দলের সরদার ইউসুফ সরদার (৩৫) মারা গেছেন। ইউসুফ উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামের মালেক সরদারের ছেলে।

এসময় ইউসুফের সাথে থাকা ডাকাত দলের দুই সদস্য নদী সাঁতরে পালিয়ে যায়। শনিবার রাত সাড়ে আটটায় স্থানীয় একতা বাজার খেয়াঘাটে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ডাকাতি করার জন্য ট্রলার যোগে ইউসুফ তার সঙ্গীদের নিয়ে একতা বাজার খেয়াঘাটে পৌঁছলে জনতার মধ্যে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এরপর দুই শতাধিক জনতা ধাওয়া করে ইউসুফ ডাকাতকে ধরে গণপিটুনী দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। তবে ইউসুফের সঙ্গীরা ট্রলার রেখে নদী সাঁতরে পালিয়ে যায়।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, মৃতদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এঘটনায় মামলা হয়েছে। নিহত ইউসুফের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলেও ওসি জানান।

এসএইচ