বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়।
চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ ২৬ জুন ২০২৫ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের (জেলা পরিষদ ব্যতীত) নির্বাচন আয়োজনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ এবং এর সর্বশেষ সংশোধনী অনুযায়ী ভোটগ্রহণের ২৫ দিন আগে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করার বিধান রয়েছে। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোটার এলাকার নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করে ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ, ওই তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণ এবং ভোটকেন্দ্র স্থাপন নীতিমালা অনুযায়ী সেসব দাবি-আপত্তি নিষ্পত্তি করে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে হবে।
এ ক্ষেত্রে আগামী ১০ আগস্ট ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকার ওপর দাবি-আপত্তি গ্রহণের শেষ তারিখ ১৮ আগস্ট, প্রাপ্ত দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ২৩ আগস্ট এবং সম্ভাব্য ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।
চিঠিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়সূচি এবং ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা নির্বাচন সহায়তা-৩ শাখায় পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহকের মাধ্যমে সংশ্লিষ্ট শাখায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যতদূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ নিতে বলা হয়েছে। ভবনের অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা সম্ভব হলে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব পরিহার করে সে অনুযায়ী ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে বলা হয়েছে।
এমএম