পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শহিদুল ইসলাম নামে গুলিবিদ্ধ এক যুবককে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে সাতক্ষীরা শহরের মুন্সিপাড়ায় পল্লীমঙ্গল স্কুলের পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, গুলিবিদ্ধ শহিদুল ডাকাত দলের সর্দার। তার বিরুদ্ধে ডাকাতিসহ কয়েকটি মামলা রয়েছে। সে শহরের রসুলপুর এলাকার আকবর আলীর ছেলে। আহতাবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভোরে শহীদুল ইসলামের নেতৃত্বে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় উপপরিদর্শক সাখাওয়াৎ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ সেখানে হানা দেয়।
এসময় পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ও বোমা ছুড়ে। এসময় পুলিশও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয় শহিদুল ইসলাম (৩২)। অন্য ডাকাতরা এসময় পালিয়ে যায়।
বন্দুকযুদ্ধের সময় পুলিশের দুই সদস্য শফিকুল ইসলাম ও মোক্তার হোসেন আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা ও বোমার সরঞ্জাম উদ্ধার করেছে।
সাতক্ষীরা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক কামাল হোসেন জানান, আহত শহিদুলের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা ও গুলি করার ঘটনায় আরও একটি মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হয়েছে।
এআর





