রাজধানীর রামপুরায় রুবেল হোসেন ওরফে মিন্টু মিয়া (২০) হত্যার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা মগবাজারে ছিনতাইয়ের ৩৩ লাখ টাকা জব্দ করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) এস এম জাহাঙ্গীর আলম সরকার বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানানো হবে।

এর আগে গত ৮ মে শুক্রবার বিকালে বাড়ি থেকে ডেকে নিয়ে রামপুরায় টিভি সেন্টার রোডের পানির পাম্পের পিছনে সাকুঘাটে তাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এ ঘটনায় নিহতের মা নাসিমা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ মামলায় কয়েকজনকে গ্রেফতারও করেছে।

এআর