চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকার দ্বিতীয় চালান দুই ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার রাত পৌনে ১২টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় এসে পৌঁছায়। এরপর আজ (১৮ জুলাই) রোববার ভোররাত ৩টার দিকে আরেকটি ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা আসে।

স্বাস্থ্য সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন।

রোববার (১৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো: শামসুল হক এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুটি ফ্লাইটে ২০ লাখ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা এলো।

শামসুল হক বলেন, “চীন থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে। টিকাগুলো সিরামের টিকা সরবরাহকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ওয়্যার হাউসে রাখা হবে।”

“পরে তারা স্বাস্থ্য অধিদফতরের চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন জায়গায় টিকা পৌঁছে দেবে। যেহেতু জেলা-উপজেলায় সিনোফার্মের টিকা দেয়া হচ্ছে তাই টিকাগুলো এখান থেকে জেলা-উপজেলায় পাঠানো হবে।”

এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। সরকারের ক্রয় চুক্তির দ্বিতীয় চালান হিসেবে সিনোফার্মের এই টিকাগুলো এলো।

এক কোটি ৫০ লাখ ডোজ করোনা টিকা কিনতে চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সরকার। ধাপে ধাপে তিন মাসের মধ্যে টিকাগুলো বাংলাদেশে আসার কথা রয়েছে।

গত ৩ জুলাই রাতে ঢাকায় পৌঁছায় চীন থেকে কেনা টিকার প্রথম চালান। পরদিন সকালে আসে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা। এছাড়া দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেয় চীন।

এমবি