মাদকবিরোধী অভিযানে রাজধানীতে নিরীহ লোকের ভয়ের কোনো কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। অভিযানের নামে কোনো পুলিশ সদস্য যদি নিরীহ মানুষকে হয়রানি করে তাহলে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

আজ শনিবার দুপুরে রাজধানীর পল্টন কমিউনিটি সেন্টারে অসহায় মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া জোর দিয়ে বলেন, মাদক কিংবা জঙ্গিবিরোধী কোনো অভিযানে ডিএমপি এলাকায় নিরীহ কোনো মানুষ হয়রানির শিকার হবে না। তাদের কোনো ভয় নেই। যদি কোনো পুলিশ সদস্য এটা করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

‘মাদক আমাদের সন্তানদের ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে আমরা জেহাদ ঘোষণা করেছি। মাদক ব্যবসায়ী যেই হোক তাদের বিচারের আওতায় আনা হবে। মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে’, যোগ করেন ডিএমপি কমিশনার।

ঢাকা মহানগরীতে এখন অনেকটাই নিরাপদ উল্লেখ করে ডিএমপি কমিশনার দাবি করেন, ডিএমপি এলাকায় এখন আর ছিনতাই নাই, অজ্ঞান পার্টি-মলমপার্টি নাই। মানুষ গভীর রাতেও নিরাপদে বাসায় ফিরতে পারে। পুলিশ জনগনকে পাহারা দিয়ে যাচ্ছে।

এ সময় ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআর