ঢাকার ধামরাই উপজেলার একটি ভুট্টাক্ষেত থেকে জোবেদা আক্তার নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে সুতিপাড়া ইউনিয়নের বারপাইক্যা গ্রামের ভুট্টাক্ষেত থেকে দুই চোখ উপরানো অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত জোবেদা উপজেলার বারপাইক্যা গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে ও মানিকগঞ্জ খোন্দকার দেরোয়ার হোসেন কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
পারিবারিক সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ৯টার দিকে রাতের খাবার শেষে জোবেদার মোবাইলে ফোন আসে। কথা বলতে বলতে সে বাড়ির অন্য ঘরে যায়। জোবেদা ঘুমিয়ে পড়েছে ভেবে পরিবারের লোকজনও ঘুমিয়ে পড়ে।
রোববার ভোরে স্থানীয় মসজিদের মক্তবে যাওয়ার পথে জয়নাল আবেদীনের বাড়ির পাশের ভুট্টাক্ষেতে জোবেদার লাশ দেখতে পায় প্রতিবেশী বিল্লাল হোসেনের ছেলে আবদুল্লাহ(১০)। তার চিৎকারে জোবেদার পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে যায়। খবর পেয়ে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
ধামরাই থানার ওসি শেখ মোহাম্মদ রিজাউল হক দীপু জানান, হত্যাকাণ্ডটি প্রেমঘটিত ও পরিকল্পিত। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) দীপক সাহা জানান, জোবেদাকে মোবাইল ফোনে ডেকে নিয়ে শ্বাসরোধ ও চোখ উপড়ে হত্যা করা হয়েছে। খুনি অবশ্যই ধরা পড়বে।
টাইমনিউজবিডি.নেট/ নাসির উদ্দিন/ মাহমুদ





