মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে সেনাবাহিনীতে চাকরির ভুয়া নিয়োগ পত্র দিয়ে টাকা হাতিয়ে নেয়ার সময় গ্রামবাসী তিন প্রতারক যুবককে আটক করেছে।
বুধবার সন্ধ্যায় গ্রামবাসী তাদের আটকের পর মুজিবনগর থানা পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতরা হচ্ছে- কুষ্টিয়ার মিরপুর উপজেলার ক্ষিদিরামপুর গ্রামের জামায়াত শেখের ছেলে ফিরোজ হোসেন (২২) ও একই উপজেলার আমলা সদরপুর গ্রামের ফিরু মন্ডলের ছেলে আতাহার আলী (২৪) এবং চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কেদারনগর গ্রামের ফজলুল হকের ছেলে আনারুল ইসলাম (২৫)।
মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, আনন্দবাস গ্রামের আহম্মদ আলীর ছেলে সোহেল রানা ও একই গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে মিলন হোসেনকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে মোটা অংকের টাকার মৌখিক চুক্তি করে আটক হওয়া তিন যুবক।
ভুয়া নিয়োগ কার্ড হাতে করে সন্ধ্যায় তারা সোহেল ও মিলনের বাড়িতে আসলে গ্রামবাসীরা তাদের আটক করে। পরে পুলিশ তাদের আটক করে থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে।
এমআর





