রাঙামাটিতে মিশন চাকমা (৩২) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) এক জন কর্মী ছিলেন বলে জানা গেছে।

বুধবার (২২ আগস্ট) ঈদুল আজহার দিনশেষে রাত আনুমানিক ১০টার দিকে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নে নিজ বাসায় এসে একদল সশস্ত্র লোক গুলি করে হত্যা করে চলে যায়।

সাংবাদিকদের জানিয়েছেন বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। তিনি আরওজানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে নিহত মিশন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) হয়ে সোর্স (সংবাদ সরবরাহকারী) হিসেবে কাজ করতেন এবং তাঁকে যারা হত্যা করেছে তারা পাহাড়ের আরেক আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ)  সশস্ত্র ক্যাডার।

এই ব্যাপারে নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুসারেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি।  তবে হত্যাকাণ্ডের বিষয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কোনো নেতাকেই মোবাইল ফোনে পাওয়া যায়নি।

ধারণা করা যায়, গত সপ্তাহে পাহাড়ের আরেক জেলা খাগড়াছড়ি শহরের স্বনির্ভর বাজার এলাকায় সশস্ত্র হামলায় ইউপিডিএফের ৭ নেতাকর্মী ও শুভানুধ্যায়ীকে হত্যার ঘটনার প্রতিশোধ হিসেবেই এ ঘটনা ঘটে থাকতে পারে। কারণ ওই হত্যাকাণ্ডের পর ঘটনার জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে ( এমএন লারমা) দায়ী করে আসছিলেন ইউপিডিএফ নেতারা।  

এমবি