রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির আট সদস্যকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকার সাদেকা ফিলিং স্টেশনের পাশ থেকে তাদের আটক করা হয়।
মিরপুর জোনাল টিমের সহকারী কমিশনার (এসি) মহরম আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন০- মো. জকির হোসেন (২৮), মো. শাহিন হোসেন (৪০), সাইদুল ইসলাম (৩৩), মো. রাশেদ আলী (২০), মো. কালু ফকির (৩৫), মো. রুবেল (২১), রাহাত মাল (২০) ও মো. মিঠুন (২৫)।
এসি মহরম আলী বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে রাজধানীতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে অজ্ঞান পার্টি ও মলম পার্টির সদস্যরা। তাদের অপতৎপরতা প্রতিহত করতে ডিএমপি কমিশনারের নির্দেশে গোয়েন্দা পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। এরই অংশ হিসেবে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অজ্ঞান পার্টির আট সদস্যকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন থেকে এই প্রতারণার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কেএইচ





