মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়কেকেন্দ্র করে সুপ্রীম কোর্ট ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‌্যাব-পুলিশসহ প্রায় সব ধরণের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এসব এলাকায়।

খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর শাহবাগ থেকে শুরু করে রমনা, মৎসভবন, প্রেসক্লাব ও কার্জন হল এলাকায় কড়া নজরদারি ব্যবস্থা নেয়া হয়েছে। ওইসব এলাকার রাস্তাগুলোতে যান চলাচল সীমিত রাখা হয়েছে।

ব্যক্তি সাধারণের চলাচলের ওপরও কড়া নজরদারি রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পথচারীদেরকে। জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুপ্রীম কোর্ট এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। প্রেসক্লাবের সামনের রাস্তায় ও সুপ্রীম কোর্টের গেইটের সামনে ভারী অস্ত্রও রাখা হয়েছে। র‌্যাব ও পুলিশের গাড়ি টহল দিচ্ছে এসব এলাকায়।

এছাড়াও সারাদেশে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাজধানীসহ সারাদেশে সরকারি অফিস ও ভবনসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করণে কঠোর প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার থেকেই নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

গত বছরের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর ফাঁসির রায়কে ঘিরে সহিংস আন্দোলনে জড়িয়ে পড়েছিল জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। সে সহিংস তাণ্ডবের বিষয় মাথায় রেখে নিরাপত্তা নিশ্চিতকল্পে পরিকল্পনা নেয়া হয়েছে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ আজ বুধবার সাঈদীর আপিলের রায় ঘোষণা করবে। আপিল বিভাগে দিনের কার্যতালিকার ১ নম্বরে রয়েছে এই রায়ের বিষয়টি।

এরইমধ্যে মাওলানা সাঈদীর ছেলে মাসুদ সাঈদীসহ তার আইনজীবী মিজানুল ইসলাম আদালতে উপস্থিত হয়েছেন। যদিও রায় ঘোষণার কার্যক্রম সকাল ৯টা থেকে শুরু হবে।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মুখপাত্র আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ টাইমনিউজবিডিকে জানিয়েছেন,সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে দেশের কোথাও নাশকতামূলক কর্মকাণ্ড ঘটতে দেয়া হবে না। সে জন্য র‌্যাবের প্রত্যেকটি ব্যাটালিয়নকে সর্তক থাকতে বলা হয়েছে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব সর্বাত্মক সতর্কাবস্থায় থাকবে জানান তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)গণমাধ্যম শাখার উপ কমিশনার মো. মাসুদুর রহমান জানিয়েছেন, 'সাঈদীর রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কেউ বাধা দিলে কোনো ছাড় দেয়া হবে না।' পুলিশের সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।

ঢাকা, কেএ, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর