‘অভ্যন্তরীণ কোন্দলের’ জের ধরে লক্ষ্মীপুরের মেঘনায় এমভি কর্ণফুলী জাহাজের চালক নূরে নেওয়াজ খুন হন বলে দাবি করেছে পুলিশ।

১৪ হাজার ৪০০ বস্তা ইউরিয়া সারসহ কমলনগর থানা পুলিশ জাহাজটি নিজেদের হেফজতে নিয়েছে। ওই সারের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, ‘ডাকাতির ঘটনা নয়, অভ্যন্তরীণ কোন্দলে ঘটনাটি ঘটেছে। জাহাজের কোনো মালামাল খোয়া যায়নি। সারসহ জাহাজটি পুলিশের হেফাজতে আছে। নিখোঁজদের উদ্ধার ও পলাতকদের গ্রেফতারে চেষ্টা চলছে।’

৭ নভেম্বর চট্টগ্রামের কাপকো থেকে সার নিয়ে পাবনার বাঘাবাড়ি যাচ্ছিল জাহাজ এমভি কর্ণফুলী। লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীর চর আবদুল্লাহ এলাকায় পৌঁছালে এর চালক খুন হন। জাহাজটি স্রোতের অনুকূলে ভাসতে ভাসতে কমলনগরের বাতির ঘাট এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে হাজিরহাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন খান নদী থেকে জাহাজটি কূলে এনে নিজেদের হেফাজতে নেন।

ওসি হুমায়ুন কবির আরও বলেন, ‘অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে জাহাজের গ্রিজার পারভেজ, জাহাজের লস্কর টিটু ও শামীমসহ পাঁচজন জাহাজ চালক নূরে নেওয়াজসহ তিনজনকে হত্যা করে এবং দু’জনকে একটি কেবিনে বন্দি করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয় জেলেরা পারভেজকে নদী থেকে আটক করে পুলিশে সপোর্দ করে।’

ওই ঘটনায় শনিবার (৮ নভেম্বর) রাতে জাহাজের মালিক আবদুস সালাম বাদী হয়ে জাহাজে কর্মরত চারজনসহ পাঁচজনকে আসামি করে কমলনগর থানায় মামলা দায়ের করেন।

ওসি হুমায়ুন কবির বলেন, ‘গ্রেফতার হওয়া পারভেজ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। সে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।’

লক্ষ্মীপুরের মেঘনা নদীর রামগতির আলেকজান্ডার মাছঘাট এলাকা থেকে রোববার (৯ নভেম্বর) গভীর রাতে চালক নূরে নেওয়াজের লাশ উদ্ধার করে পুলিশ। জাহাজের দুই শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।

চর কালকিনির বাতির ঘাট এলাকায় মঙ্গলবার গিয়ে দেখা যায়, সারসহ জাহাজটি পুলিশি পাহারায় আছে। জাহাজবোঝাই ১৪ হাজার ৪০০ বস্তা ইউরিয়া সার প্লাস্টিক দিয়ে মোড়ানো। জাহাজের নিয়ন্ত্রণ কক্ষে রক্তের দাগও দেখা গেছে।

জেআই