কুষ্টিয়ার মিরপুরে পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের ৫ মেগাওয়াটের একটি পাওয়ার ট্রান্সফর্মার ৩ মাস ধরে বিকল হয়ে রয়েছে। বিকল ট্রান্সফর্মারের কারণে গ্রীষ্মের শুরু না হতেই এই উপজেলার প্রায় অর্ধেক এলাকা ও পাশ্ববর্তী দৌলতপুর উপজেলার আংশিক এলাকায় পিক আওয়ারে লোডশেডিং শুরু হয়েছে।
কারণ, মিরপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সূত্র অনুযায়ী তাদের নিয়ন্ত্রনাধীন বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ২৭ হাজার। বিদ্যুৎ চাহিদা ১৩/১৪ মেগাওয়াট। কিন্তু ট্রান্সফর্মারটি নষ্ট হয়ে থাকার কারনে প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি দেখা দিয়েছে।
গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহে ৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পাওয়ার ট্রান্সফর্মার নষ্ট হলে বিতরণ ক্ষমতা দাঁড়ায় ১০ মেগাওয়াটে, কিন্তু গরম কাল ও সেচ মৌসুমে এ উপজেলায় বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা দাঁড়াবে ১৩/১৪ মেগাওয়াটে। শীতের শেষ আর গরমের শুরুর সঙ্গে এসএসসি চলমান পরীক্ষা ও আসন্ন সেচ মৌসুম শুরু হতেই বিগত সপ্তাহ থেকেই এ উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ১০ মেগাওয়াটে এসে পৌছেছে। আর এতেই নষ্ট পাওয়ার ট্রান্সফর্মারের কারনে এ উপজেলায় পিক আওয়ারে ১/২ মেগাওয়াট লোডশেডিং করতে হচ্ছে।
এ বিষয়ে আলাপ করলে মিরপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম রঙ্গলাল কর্মকার ও এজিএম (কম) শ্যামল কুমার মল্লিক জানান, নষ্ট পাওয়ার ট্রান্সফর্মারটির স্থানে নতুন পাওয়ার ট্রান্সফর্মার চলতি অবরোধের কারণে প্রতিস্থাপন করতে না পারায় লোডশেডিং হচ্ছে। তবে তা সাময়িক।
কবে নাগাদ নতুন পাওয়ার ট্রান্সফর্মারটি প্রতিস্থাপিত হবে ওই দুই কর্মকর্তা এ ব্যাপারে নিশ্চিত করে বলতে পারেননি। তবে তারা আশ্বস্ত করে বলেন, অচিরেই নতুন পাওয়ার ট্রান্সফর্মার প্রতিস্থাপিত হবে।
জেআই





