চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হাসপাতালে ছবি সত্যায়িত করতে যেয়ে ডাক্তারের আক্রমনে ৩ ব্যক্তি আহত হয়েছেন। পরে ওই ডাক্তারের শাস্তি দাবি করে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আহত ব্যক্তিরা।

বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর গ্রামের রাজু, ইব্রাহীম ও অপর এক ব্যক্তি চাকরির প্রয়োজনে ছবি সত্যায়িত করতে বৃহস্পতিবার শিবগঞ্জ হাসপাতালে দায়িত্বরত ডা. আবু শাহদাৎ মাহফুজ রিগেনের কাছে যান। ডা. রিগেন তাদের কিছুক্ষণ পরে দেখা করার জন্য বলেন।

আধঘণ্টা পর আবারও সেখানে প্রবেশ করেন তারা। এতে তিনি ক্ষিপ্ত হয়ে তাদের অকথ্য ভাষায় গালাগাল করেন ডা. রিগেন। এক পর্যায়ে তার হাতের কলম দিয়ে তাদের আহত করেন।

চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডা. মোজাহারুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর