সাভারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌর এলাকার নামাগেন্ডা মহল্লার একটি তিন তলা ভাড়া বাড়ির নীচতলার ফ্ল্যাট থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই শ্রমিকের বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-৭০) দায়ের করেছে। গ্রেফতারকৃত যুবকের নাম মেহেদি হাসান শরীফ (১৯)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার শাবাজপুর গ্রামের জাকির হোসেনের ছেলে। তবে শরীফের দাবি ভুক্তভোগী ওই তরুণী তার স্ত্রী।
ভুক্তভোগী ওই তরুণীর মা জানান, গত তিন মাস আগে কারখানা থেকে ফেরার পথে আমার মেয়েকে কৌশলে তুলে নিয়ে যায় শরীফ। এরপর তাকে তিন মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিয়ে আসছিলো ওই বখাটে।
তবে অভিযুক্ত মেহেদি হাসান শরীফ জানান, আমি ভালোবেসে মেয়েটিকে বিয়ে করেছি। আমরা তিন মাস একত্রে সংসার করার পর মেয়ে বাবার বাড়িতে বেড়াতে যায়। সেখানে পরিবারের সাথে ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করে আমাকে পুলিশে ধরিয়ে দিয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হলে অভিযুক্ত মেহেদী হাসান শরীফকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই পোশাক শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরিক্ষার জন্য পাঠানো হয়েছে।
জেড





