নরসিংদীতে গ্রামবাসীর গণপিটুনিতে কামাল মিয়া ওরফে পিচ্চি কামাল (৪০) নিহত হয়েছেন। স্বজনদের দাবি, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে কামালকে হত্যা।
আজ (শনিবার) ভোরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের আগানগর খেয়াঘাটে এ ঘটনা ঘটে।
নিহত পিচ্চি কামাল উপজেলা আমিরগঞ্জ ইউনিয়নের বালুকান্দি গ্রামের মো. জামাল হোসেনের ছেলে।
রায়পুরা থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ভোরে একদল ডাকাত গ্রামে প্রবেশের চেষ্টা করলে আগানগর খেয়াঘাটে তাদের ধাওয়া করে গ্রামবাসী। এসময় পিচ্চি কামালকে ধরে গণপিটুনি দেয় তারা। একপর্যায়ে গ্রামবাসীর ধারালো অস্ত্র, টেঁটা ও লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত পিচ্চি কামালের বিরুদ্ধে ডাকাতি’সহ বিভিন্ন অপরাধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
এদিকে নিহতের স্বজনদের দাবি, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন কামালকে হত্যা করেছে। এর সুষ্ঠু তদন্তের দাবি করেছেন তারা।
এমবি





