ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালের দায়িত্ব চালিয়ে যাওয়ার বিষয়ে আপত্তি জানায়নি বোর্ড অব গভর্নরস।

আজ (২২ জুন) শনিবার সচিবালয়ে প্রতিষ্ঠানটির বোর্ড অব গভর্নরসের সভা শেষ হওয়ার পর ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ জানান, উদ্ভূত পরিস্থিতি সামাল দিয়ে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে তাকে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “ইসলামিক ফাউন্ডেশন আমাদেরই প্রতিষ্ঠান। সেখানে বর্তমানে যে অসম্মানজনক কাজ হচ্ছে সেটা আমরা চাই না। সেজন্য ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালকে বলেছি বর্তমান পরিস্থিতি সামাল দিয়ে আপনি যেটা ভালো মনে করেন সেই সিদ্ধান্ত নেবেন।আর যারা আন্দোলন করছে আমরা তাদেরও বলেছি যে এখানে কোনও গণ্ডগোল করা যাবে না।”

এর আগে ইফা’র বোর্ড অব গভর্নরসের সদস্য মিছবাহুর রহমান চৌধুরী জানিয়েছিলেন, “ইসলামিক ফাউন্ডেশনের নীতিনির্ধারণ করে গভর্নরস বোর্ড। এই প্রতিষ্ঠানটির কাজ হচ্ছে বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্ত বাস্তবায়ন করা। শনিবারের বোর্ডসভায় বিদ্যমান সংকট নিরসনের জন্য আলোচনা হবে। সে মোতাবেক যে সিদ্ধান্ত আসবে সেটিই কার্যকর করা হবে।”

উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের একটি দোকানে পিলার কাটা নিয়ে তদন্ত এবং সে তদন্তের পর একজন কর্মকর্তাকে বরখাস্তের জের ধরে ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজালকে নিয়ে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থার সৃষ্টি হয়। ছুটির দিনে প্রতিষ্ঠানটির কিছু ফাইল তিনি নিয়ে যাচ্ছেন এমন অভিযোগে কয়েকজন পরিচালকসহ প্রতিষ্ঠানটির কিছু কর্মী তাকে বাধা দেন।  এরপর থেকে টানা তিন দিন তার পদত্যাগের দাবিতে ইফা কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে। ২০ জুন (বৃহস্পতিবার) ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে তারা আন্দোলন শেষে কাজে ফেরেন।

এরপর পরিস্থিতি নিরসনে আজ (২২ জুন) সচিবালয়ে ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের সভা বসে। ধর্ম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভার সিদ্ধান্ত অনুযায়ী স্বপদে বহাল থাকছেন সামীম মোহাম্মদ আফজাল।     

এমবি